অর্থনীতি

বাংলাদেশকে প্রতিশ্রুত আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৫ , ২:১৬:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে চলতি অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশ হবে বলেও জানিয়েছে বহুজাতিক দাতা সংস্থাটি।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, এপ্রিল ২০২৫- এ এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে এ প্রতিবেদন প্রকাশ করা হলো।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রাপ্ত উপাত্ত ধরে দেশভিত্তিক তথ্যও হালনাগাদ করেছে আইএমএফ। সেখানে বাংলাদেশের জন্য চলতি অর্থবছরে জিডিপির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে সাড়ে ৬ শতাংশ হওয়ার কথাও বলা হয়েছে।

গত জুনে চলতি অর্থবছরের বাজেট দেওয়ার সময় ৬ দশমিক ৭৫ শতাংশ জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। তবে অন্তর্বর্তী সরকার কিছুদিন আগে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সংশোধন করে ৫ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে। চলমান আর্থিক সংকট, ব্যবসায় স্থবিরতা এবং সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে এ সংশোধন করা হয়।

কয়েক দিন আগে আরেক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছিল, বাংলাদেশের চলতি অর্থবছরে ৩ দশমিক ৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে। আইএমএফ জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়ে দিল।

আইএমএফ আরও বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশ হবে। আগামী অর্থবছরে তা কমে ৫ দশমিক ২ শতাংশে নেমে আসবে।

গত দুই বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে বাংলাদেশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত মার্চে বাংলাদেশে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। এক বছর ধরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ২৬ শতাংশ।

আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে, বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৮ শতাংশ। আর এশিয়ার গড় জিডিপি হতে পারে সাড়ে ৪ শতাংশ।

বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন সভা ২১ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধিদল এ যৌথ সভায় অংশ নিচ্ছে। সভা চলাকালে বাংলাদেশকে প্রতিশ্রুত আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। সম্প্রতি আইএমএফ মিশন বাংলাদেশে এসে ঘুরে গেছে।

আরও খবর

চলতি হিসাবের ঘাটতি ১৮ হাজার কোটি টাকায় ছাড়িয়েছে ৯ বেসরকারি বানিজ্যিক ব্যাংকের।

বিসিএমইএ’র নতুন সভাপতি মইনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন

কারখানাগুলোতে স্বচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার…প্রেস সচিব

বিএসইসির সঙ্গে মেঘনা, সিটি ও পিএইচপি গ্রুপের শীর্ষ উদ্যোক্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের নামে ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের

সরকার দেশের দেনা শোধ করেছে প্রবাসীদের পাঠানো টাকায়…প্রধান উপদেষ্টা

Sponsered content